• বুধ. সেপ্টে ২, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

BySarker

জুলা ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার মুখে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের পক্ষে সরকারের অবস্থান তুলে ধরেন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তাঁর ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। তিনি কাউকে উদ্দেশ্য করে বা কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে এমন বক্তব্য দেননি। তবে তাঁর কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

মন্ত্রীর এই বক্তব্যের পর অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁর বক্তব্যকে স্বাগত জানান।

সংসদে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না। পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে মাঠ প্রশাসন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা বোর্ড, আইনশৃঙ্খলা বাহিনী এবং আবহাওয়া অধিদপ্তরের মতামত বিবেচনায় নেওয়া হয়েছে।

তিনি জানান, পরীক্ষা শুরুর আগের দিন দেশের ৬৪ জেলার প্রশাসন, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পুলিশ প্রশাসন এবং আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করা হয়। সংশ্লিষ্টরা তখন জানিয়েছিলেন, পরীক্ষা গ্রহণে বড় ধরনের কোনো বাধা থাকবে না। সেই তথ্যের ভিত্তিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়।

মন্ত্রী আরও বলেন, পরদিন সকালে কিছু এলাকায় আকস্মিকভাবে পরিস্থিতির অবনতি ঘটে এবং কয়েকটি পরীক্ষাকেন্দ্রের আশপাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমন পরিস্থিতি আগে থেকে অনুমান করা সম্ভব হয়নি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ও ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে এক পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ওই মন্তব্যকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে শিক্ষার্থীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। তাদের অন্যতম দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা।

আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার্থীদের উদ্বেগ ও দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানানো হয়েছে। সরকারও পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights