• মঙ্গল. জুলা ২৮, ২০২৬

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ByShirso aparadh

জুলা ২৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে পরিচালিত অভিযানের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

অভিযোগপত্রে সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, বেনজীর আহমেদ, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সামছুল হক টুকু, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাসহ তৎকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে।

প্রসিকিউশন সূত্র জানায়, পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে। একই দিন অভিযোগটি আমলে নেওয়ার বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, তদন্তে এ পর্যন্ত শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে অবস্থানরত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর এ ঘটনায় তদন্ত ও বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হলে তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights