• মঙ্গল. জুন ৩০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

Byadmin

ডিসে. ২১, ২০২৫

এস এম শাহ্ জালাল সাইফুল :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
অতিরিক্ত আইজিপি বলেন, “ফয়সালের শেষ অবস্থান সম্পর্কে আমাদের কাছে এখনো নির্ভরযোগ্য কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। বিষয়টি জানতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। তবে সে যে দেশের বাইরে পালিয়ে গেছে—এমন কোনো নির্ভরযোগ্য তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানো হয়।”
হত্যাকাণ্ডটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাইনি। তবে তদন্ত অব্যাহত রয়েছে এবং সঠিক তথ্য উদঘাটনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
এ সময় ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড হতে পারে। তবে এখানে ব্যক্তিগত কোনো শত্রুতার বিষয় আছে বলে আমাদের মনে হয়নি। ঘটনার শুরু থেকেই আমরা মাঠে রয়েছি। পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।”
তিনি আরও জানান, “এই হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা ও দায়ীদের শনাক্ত করতে আমরা কোনো দিকই বাদ দিচ্ছি না।”
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights