
স্টাফ রিপোর্টার:
রাজধানীর মগবাজারে অবস্থিত -এর লাইসেন্স বাতিলের পর চিকিৎসাধীন রোগীদের একটি বড় অংশ হাসপাতাল ছেড়ে চলে গেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত প্রায় ১৭৩ জন রোগী ছাড়পত্র নিয়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। একই সঙ্গে নতুন কোনো রোগী ভর্তি না হওয়ায় হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে পড়েছে।
দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের পর চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য ২৪ ঘণ্টা সময় নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বর্তমানে হাসপাতালটিতে প্রায় ২৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ ও সিসিইউতে থাকা সংকটাপন্ন রোগীদের অন্যত্র স্থানান্তর করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে বলে রোগীদের স্বজনরা জানিয়েছেন। তাদের মতে, এসব রোগীকে স্থানান্তরের ক্ষেত্রে বিশেষায়িত চিকিৎসা ও পর্যাপ্ত শয্যার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করবে। জনস্বার্থ, রোগীদের চিকিৎসাসেবা এবং হাসপাতালের দীর্ঘদিনের কার্যক্রম বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্তের আশা করছে।
হাসপাতালটির পক্ষ থেকে বলা হয়েছে, আপিলের মাধ্যমে বিষয়টির পুনর্মূল্যায়ন হলে স্বাভাবিক চিকিৎসাসেবা অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি হতে পারে।
