
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
০৭ জুন, ২০২৬
জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন কুমিল্লার দাউদকান্দির কৃতি সন্তান মো. মামুন হোসেন ভূঁইয়া।
গত বৃহস্পতিবার (৪ জুন) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়, যেখানে মামুন হোসেন ভূঁইয়াকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়।
মামুন হোসেন ভূঁইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক পদধারী নেতা হিসেবে দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ছাত্ররাজনীতি থেকে শুরু করে মাঠপর্যায়ের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে দলের অভ্যন্তরে তিনি অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় মুখ।
কেন্দ্রীয় যুবদলের এই গুরুত্বপূর্ণ পদে তাঁর স্থান পাওয়ার খবরে দাউদকান্দি উপজেলা, পৌর এলাকাসহ কুমিল্লার বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, মামুন হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তাঁর এই মূল্যায়ন দাউদকান্দির রাজনৈতিক অঙ্গনের জন্য যেমন গর্বের, তেমনি এটি এলাকার তরুণ রাজনৈতিক কর্মীদের আরও উজ্জীবিত ও অনুপ্রাণিত করবে।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মামুন হোসেন ভূঁইয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখে দায়িত্ব অর্পণ করেছে, তা আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে বদ্ধপরিকর। দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”
দলীয় নেতা-কর্মীরা মনে করছেন, দাউদকান্দির রাজনৈতিক অঙ্গনে মামুন হোসেন ভূঁইয়ার এই পদায়ন আগামী দিনে যুব নেতৃত্বকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
#যুবদল #দাউদকান্দি #কুমিল্লা #রাজনীতি #মামুন_হোসেন_ভূঁইয়া
