অনলাইন ডেস্ক
ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাজধানী ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে খেলার মাঠ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চিহ্নিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার (১ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মন্ত্রী বলেন, ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগরী। বড় ধরনের ভূমিকম্প আঘাত হানলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে ১ লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন, যাতে যেকোনো দুর্যোগে তাৎক্ষণিক সাড়া দেওয়া যায়।
তিনি আরও জানান, ভূমিকম্পের পর মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এজন্য রাজধানীর খেলার মাঠ, স্কুল ও উন্মুক্ত স্থানগুলোকে প্রাথমিকভাবে আশ্রয়কেন্দ্র হিসেবে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি ও সমন্বয় পরিকল্পনাও প্রণয়ন করা হচ্ছে।
ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
