• মঙ্গল. জুলা ২১, ২০২৬

বিএফএর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ সম্পন্ন

ByShirso aparadh

জুলা ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানসহ নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও বিএফএর প্রশাসক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সদ্য সমাপ্ত নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, প্রথম ভাইস-চেয়ারম্যান, চারজন ভাইস-চেয়ারম্যান, অর্থ পরিচালক এবং ২৫ জন পরিচালক শপথ নেন।

নির্বাচন বোর্ড (২০২৬–২০২৮)-এর সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের এফটিএ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হাসিব সরকার নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। এ সময় নির্বাচন বোর্ডের সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও-৬ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন উপস্থিত ছিলেন।

গত ১১ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও মোশারফ গ্রুপের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বিএফএর চেয়ারম্যান নির্বাচিত হন। প্রথম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশীদ খান।

এ ছাড়া ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান রাজু, এস এম বাবুল, মো. নূর আলম পাটোয়ারী এবং মোহাম্মদ হাকিম আলী। অর্থ পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলাউদ্দিন চৌধুরী। তাদের পাশাপাশি আরও ২৫ জন পরিচালক নতুন পরিচালনা পর্ষদে দায়িত্ব গ্রহণ করেছেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করা এবং সার ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও আধুনিক করতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি জানান, নতুন পরিচালনা পর্ষদের প্রধান অগ্রাধিকার হবে বিদ্যমান সার ডিলারশিপ ব্যবস্থা বহাল রাখা, ২০২৫ সালের ডিলার নীতিমালার প্রয়োজনীয় সংশোধন বা বাতিলের উদ্যোগ নেওয়া, দীর্ঘ ২৫ বছর ধরে অপরিবর্তিত থাকা ডিলার কমিশন প্রতি বস্তায় ১০০ টাকা থেকে ২০০ টাকায় উন্নীত করার দাবি বাস্তবায়ন এবং কৃষকের কাছে সময়মতো সার পৌঁছে দিতে বিতরণ ব্যবস্থা আরও শক্তিশালী করা।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদ এসব লক্ষ্য বাস্তবায়নে সরকার, সংশ্লিষ্ট দপ্তর ও সার ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights