• শনি. সেপ্টে ৫, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

BySarker

সেপ্টে ৫, ২০২৬

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে মোশাররফ হোসেন (৪৭) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব বিজয়নগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের পরিবারের সদস্যদের বরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, সীমান্তসংলগ্ন নিজের জমিতে কাজ করছিলেন মোশাররফ। এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে ছোড়া একটি গুলি এসে তাঁর পিঠের বাম পাশে লাগে।

পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলির একটি অংশ বের করলেও কিছু অংশ শরীরের ভেতরে রয়ে গেছে বলে জানা গেছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, মোশাররফ ওই এলাকার স্থায়ী বাসিন্দা। বিকেলে পূর্ব বিজয়নগর সীমান্তের কাছে নিজের জমিতে কাজ করার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন।

ঘটনার পর সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গুলির ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খোঁজখবর নিচ্ছে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights