নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি এবং এর কোনো সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, আজকের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার পরিবেশে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই সন্তুষ্ট।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সাভারসহ রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ জরুরি আহ্বানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “কেন্দ্র সচিবরা শিক্ষার্থীদের অভিভাবকের মতো দায়িত্ব পালন করেন। আশা করি তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবেন।”
তিনি আরও জানান, পরীক্ষা কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ অন্তত সাত দিন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যেকোনো অনিয়ম সহজে শনাক্ত করা যায়।
এইচএসসি পরীক্ষার সময়সূচি সম্পর্কে তিনি বলেন, পরীক্ষা কিছুটা পেছানো হয়েছে। কারিকুলাম সংস্কার প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বিষয়ে কাজ করার জন্য বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি নিজেও সরাসরি তদারকি শুরু করেছেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আজকের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পেছনে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
