নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাতে বাহাদুরপুর ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান।
নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং দুই শিশুকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ঘরের সামনে রক্ত দেখে সন্দেহ হলে ভেতরে প্রবেশ করেন। পরে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তিনি মান্দার চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে সোমবার রাত ৮টার দিকে বাড়ি ফেরেন। তার কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই টাকা লুটের উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে। লুটপাটের পর পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় পরিবারের সবাইকে হত্যা করা হয়।
এছাড়া ঘর থেকে স্বর্ণালঙ্কারও লুট করা হয়েছে বলে জানা গেছে। নিহত পপি খাতুনের কানের দুল পর্যন্ত খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ওসি মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
