শেখ ফরিদ উদ্দিন, দাউদকান্দি :
মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যেই রাজনীতিতে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রবীণ রাজনীতিবিদ, পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে জনগণের সুখ-শান্তির কথা চিন্তা করেই তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দুর্নীতিমুক্ত থেকে জনগণের প্রত্যাশিত সেবা প্রদান করতে হবে এবং সেবার মান আরও উন্নত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে। জনগণের কল্যাণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
ড. মোশাররফ হোসেন বলেন, গত সতের বছর আমরা জনগণের জন্য কাজ করার সুযোগ পাইনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিতাড়িত করে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনসহ স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
