
স্টাফ রিপোর্টার
রাজধানী ঢাকার সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নগরীর যানজট ও সড়ক ব্যবস্থাপনা উন্নত করতে আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে স্বয়ংক্রিয় (অটোমেটিক) ট্রাফিক লাইট স্থাপনের নির্দেশনা দিয়েছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বলা হয়, রাজধানীর বায়ুদূষণ ও শব্দদূষণ কমাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি। এ লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ ও ধোঁয়া নির্গমনকারী যানবাহন দ্রুত সড়ক থেকে সরিয়ে ফেলার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদন সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বায়ুদূষণ কমাতে প্রচলিত ইটভাটার পরিবর্তে আধুনিক ও পরিবেশসম্মত প্রযুক্তি ব্যবহারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
সভায় রাজধানীতে অতিরিক্ত হর্ন ব্যবহারের কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে হর্ন নিয়ন্ত্রণ ও শব্দদূষণ পর্যবেক্ষণে কাজে লাগানোর সম্ভাবনাও পর্যালোচনা করা হয়।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
