• মঙ্গল. জুলা ২১, ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৭২

ByShirso aparadh

জুলা ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন বরিশাল বিভাগে, একজন খুলনা বিভাগে এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চিকিৎসাধীন ছিলেন।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩৭২ জন ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৭ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪৬ জন। এ পর্যন্ত মোট ৯ হাজার ৭৮৬ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৭ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালে ৬৭ জন, চট্টগ্রামে ৫৪ জন, খুলনায় ৪৩ জন, ময়মনসিংহে ২১ জন এবং রাজশাহীতে ৪ জন ভর্তি হয়েছেন।

মাসভিত্তিক হিসাবে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে এ পর্যন্ত ১৯ জন ডেঙ্গুতে মারা গেছেন।

এলাকাভিত্তিক মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও খুলনা বিভাগে পাঁচজন করে, চট্টগ্রামে চারজন, বরিশালে তিনজন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ২ হাজার ৬০৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৮৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ হাজার ৫৪৯ জন, খুলনায় ১ হাজার ৪২৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১ হাজার ৩৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৫৮ জন, ময়মনসিংহে ৪০৭ জন, রাজশাহীতে ৩৫১ জন, রংপুরে ১২০ জন এবং সিলেটে ৮৩ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights