
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যাওয়া ১০ বছরের ছেলে মাহিদকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন বাবা ময়নুল ইসলাম (৩২)। স্থানীয়দের সহায়তায় মাহিদকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ময়নুলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়নুল ইসলাম ওই ইউনিয়নের সাতকালপানি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় পল্লী বিদ্যুতের ইলেক্ট্রিশিয়ান ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৩টার দিকে ছেলে মাহিদকে সঙ্গে নিয়ে নৌকায় করে তেলিয়ান বিলে মাছ ধরতে যান ময়নুল। একপর্যায়ে অসাবধানতাবশত মাহিদ নৌকা থেকে পানিতে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেন ময়নুল। এরপর দুজনই পানিতে তলিয়ে গেলে আশপাশের লোকজন উদ্ধারে এগিয়ে আসেন।
স্থানীয়রা দ্রুত চেষ্টা চালিয়ে মাহিদকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও ময়নুলকে খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ময়নুলের সন্ধানে অভিযান শুরু করেন।
প্রায় এক ঘণ্টার চেষ্টার পর বিলের একটি গভীর খাদ থেকে ময়নুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে বিলের একটি খাদ থেকে ময়নুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।
