
গোপালগঞ্জ প্রতিবেদক:
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৬ জনকে গুরুতর অবস্থায় মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত ১৬ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্টরা কাজ করছেন। উদ্ধার কার্যক্রম শেষে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
