• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, সারা দেশে নিরাপত্তা জোরদার

Byadmin

এপ্রিল ২৫, ২০২৬

সোহেল রানা:

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের হামলার পরিকল্পনার তথ্য পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে ২৩ এপ্রিল জারি করা এক নির্দেশনায় রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য মিলেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই নেটওয়ার্কটি সংঘবদ্ধভাবে নাশকতার পরিকল্পনা করছে।

গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, সম্ভাব্য টার্গেট হিসেবে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে বেছে নেওয়া হতে পারে। এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এ কারণে গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সন্দেহভাজনদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights