
শাব্বির আহমদ, খুলনা জেলা প্রতিনিধি :
খুলনা জেলা পুলিশের ফেব্রুয়ারি ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান-এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধচিত্র উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী। তিনি গত মাসে সংঘটিত বিভিন্ন অপরাধ, মামলা তদন্তের অগ্রগতি, অপরাধ দমনে পুলিশের গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান মামলা তদন্তের অগ্রগতি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি পুলিশের পেশাদারিত্ব, জবাবদিহিতা ও জনগণের প্রতি সেবার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সার্কেল কর্মকর্তাগণ এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।
