• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কালিহাতীতে সেফটি ট্যাংক থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

Byadmin

এপ্রিল ১৬, ২০২৫

গৌরাঙ্গ বিশ্বাস, টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতীতে সেফটি ট্যাংকের অন্ধকার গহ্বরে নিথর দেহে পাওয়া গেল এক কলেজপড়ুয়া তরুণের লাশ। ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা আব্দুল আলীম আজ নিথর, নিশ্চুপ। তার মা আকলিমা বেগমের হৃদয়বিদারক আহাজারিতে ভারী হয়ে উঠেছে সাতুটিয়া দক্ষিণ পাড়ার আকাশ-বাতাস।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সাতুটিয়া দক্ষিণ পাড়ার জামাল বাদশার বাড়ির পেছনের টয়লেটের সেফটি ট্যাংক থেকে আব্দুল আলীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। গলায় পেঁচানো ছিল প্লাস্টিকের রশি, পেটে ছিল ছুরিকাঘাতের গভীর ক্ষত। পুলিশের প্রাথমিক ধারণা—শ্বাসরোধ করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে।

আব্দুল আলীম (১৯) ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের বাসিন্দা। তিনি সৌদি প্রবাসী জহুরুল ইসলাম নজরুলের ছেলে এবং কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গত ১২ এপ্রিল, শনিবার সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি আলীম। রাতে পরিবারের পক্ষ থেকে ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে একটি মৃত্যুসংবাদের মাধ্যমে।

আব্দুলের ফুফাতো বোন মোচ্ছামত খালেদা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আলীম সকালে বের হয়েছিল প্রাইভেট পড়তে যাওয়ার জন্য। কে জানতো, ওর ফিরে আসা আর হবে না!”

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আদিবুল ইসলাম জানান, নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের রহস্য দ্রুত সময়ের মধ্যেই উদঘাটন করা হবে।”

তবে প্রশ্ন থেকে যায়—কে এমন নিষ্ঠুর? কার আক্রোশে প্রাণ গেল এক সম্ভাবনাময় তরুণের? উত্তর জানে না কেউ, কিন্তু কালো মেঘে ঢেকে গেছে একটি মা-বাবার জীবন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights