মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়া বাপট। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সিটি অব ড্রিমস’-এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। তবে অভিনয়জীবনের শুরুতে তাকে একটি অস্বস্তিকর ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলে সম্প্রতি জানিয়েছেন এই অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে প্রিয়া বাপট জানান, ক্যারিয়ারের শুরুর দিকে একটি সিনেমার গানের দৃশ্য ধারণের সময় এক সহ-অভিনেতার অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন তিনি। তার অভিযোগ, পরিচালক শট শেষ হওয়ার নির্দেশ দেওয়ার পরও ওই অভিনেতা পূর্বনির্ধারিত দৃশ্যের বাইরে গিয়ে তাকে চুম্বন করতে থাকেন।
প্রিয়া বলেন, সিনেমার চিত্রনাট্যে থাকা একটি ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে শুরু থেকেই তার আপত্তি ছিল। তবে পরিচালকের অনুরোধে এবং পেশাদার দায়িত্ববোধ থেকে তিনি শেষ পর্যন্ত দৃশ্যটি করতে সম্মত হন। কিন্তু শুটিং চলাকালে সহ-অভিনেতা নির্ধারিত সীমার বাইরে গিয়ে আচরণ করতে শুরু করলে তিনি অস্বস্তিতে পড়েন।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সে সময় তিনি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন। ফলে এমন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে বা নিজের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরতে হবে, তা বুঝে উঠতে পারেননি।
তিনি আরও জানান, শুধু শুটিং সেটেই নয়, ভোপালে আউটডোর শুটিং চলাকালে হোটেলে অবস্থানের সময়ও ওই অভিনেতা ফোন ও বার্তার মাধ্যমে তাকে বিরক্ত করার চেষ্টা করেন।
ঘটনাটি মানসিকভাবে তাকে বেশ চাপে ফেলে। পরে বিষয়টি স্বামীকে জানালে তিনি সরাসরি শুটিং সেটে উপস্থিত হন। এরপর পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং সংশ্লিষ্ট অভিনেতার আচরণেও পরিবর্তন আসে বলে জানান প্রিয়া।
উল্লেখ্য, ২০০০ সালে ‘ডক্টর বাবাসাহেব আম্বেদকর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন প্রিয়া বাপট। পরবর্তীতে ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লাগে রাহো মুন্নাভাই’, ‘কাকস্পর্শ’ ও ‘টাইমপাস টু’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন।
