• রবি. আগ ২, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

এমপিও শিক্ষকদের বদলি আবেদন: শিগগিরই মিলবে আইডি-পাসওয়ার্ড

ByShirso aparadh

আগ ২, ২০২৬

স্টাফ রিপোর্টার:
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি আবেদন গ্রহণে পুরোপুরি প্রস্তুত রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আবেদন কার্যক্রম শুরুর আগে শিক্ষকদের নতুন আইডি-পাসওয়ার্ড দেওয়া হবে, যা সরবরাহ করবে টেলিটক বাংলাদেশ লিমিটেড।

মাউশি সূত্রে জানা গেছে, প্রায় ৯৯.৯৯ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ইনপুট ও ভ্যালিডেশন সম্পন্ন হয়েছে। অল্প কিছু প্রতিষ্ঠান এখনো তথ্য না দিলেও তাদের বাদ দিয়েই বদলি আবেদন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

সূত্র জানায়, শিক্ষকদের আইডি-পাসওয়ার্ড বিতরণ শেষ হলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে মাউশি। অনুমোদন পাওয়ার পরই অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুরু হবে।

মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষকদের নতুন পাসওয়ার্ড দেওয়া হবে। আগে যে নির্ধারিত লিংক দেওয়া হয়েছিল, সেই লিংকে আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে হবে। টেলিটকের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা দ্রুত আইডি-পাসওয়ার্ড পাঠানোর কাজ শুরু করবে।

এর আগে স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, যাচাই-বাছাই ও চূড়ান্ত অনুমোদনের সময়সীমা শেষ হয় ২৫ জুন। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য ৫ জুলাই এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য ১৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারিত ছিল।

একইভাবে কলেজ পর্যায়েও প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট ও অনুমোদনের সময়সীমা ২৫ জুন শেষ হয়। আঞ্চলিক উপ-পরিচালকদের জন্য ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালকদের জন্য ১৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

তবে নির্ধারিত সময় শেষ হলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠানো না হওয়ায় বদলি আবেদন কার্যক্রম শুরু করা যায়নি। এতে বদলির অপেক্ষায় থাকা কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এমপিও শিক্ষকদের বদলি আবেদন: শিগগিরই মিলবে আইডি-পাসওয়ার্ড

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights