
নিজস্ব প্রতিবেদক: সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা ও ধূমপানের ফাঁকে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক প্রভাষকের কাছ থেকে প্রায় এক বস্তা খাতা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকসংলগ্ন একটি টং দোকানে অভিযান চালিয়ে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন এসব উত্তরপত্র জব্দ করেন।
অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহান সিলেট মেট্রোসিটি ওমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক এবং শাবিপ্রবির বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ইকবাল হোসেন বন্ধুদের নিয়ে দোকানে বসে উত্তরপত্র মূল্যায়ন করছিলেন। এক বস্তা খাতা থেকে উত্তরপত্র বের করে তার সঙ্গে থাকা আরও দুজনও খাতা কাটছিলেন। সেখানে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আইরিন লিনজাও উপস্থিত ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, আগের রাতেও একই স্থানে কয়েকজন মিলে চা ও সিগারেটের আড্ডার মধ্যেই এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলেছিল। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
খাতা জব্দের সময় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক দাবি করেন, তাড়াহুড়োর কারণে তিনি বন্ধুদের নিয়ে খাতা মূল্যায়ন নয়, শুধু কোড নম্বর মিলিয়ে দেখছিলেন।
অন্যদিকে, আইরিন লিনজা বলেন, তিনি কোনো উত্তরপত্র মূল্যায়নে অংশ নেননি; ইকবাল হোসেন তার বন্ধু হওয়ায় শুধু সেখানে উপস্থিত ছিলেন।
ঘটনার পর সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে অভিযুক্ত শিক্ষককে নিয়ে জালালাবাদ থানায় যাওয়া হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের হেফাজতে দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে শিক্ষা বোর্ড তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
