একরামুল হক:
বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ-এর অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার সচেতন এবং ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠন করেছিল, যার নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।
তিনি জানান, গত ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা প্রশাসকের সমন্বয়ে জেলা পর্যায়ে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করবে। পরবর্তীতে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা জেলা কমিটির সুপারিশ যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে।
আইনমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্যসহ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক—এমনকি হত্যা মামলাও—যদি মিথ্যা ও হয়রানিমূলক বলে প্রতীয়মান হয়, তাহলে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন সাপেক্ষে তা পর্যালোচনা করা হবে। যথাযথ তদন্তে মামলা হয়রানিমূলক প্রমাণিত হলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকার রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলা থেকে ভুক্তভোগীদের প্রতিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
