• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

Byadmin

ফেব্রু. ২৩, ২০২৬


স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল।
নির্বাচনের আগ পর্যন্ত তাজুল ইসলামের নেতৃত্বে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। বর্তমানে এসব মামলার বিচার কার্যক্রম ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২–এ চলমান রয়েছে। এর মধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে।
ঘোষিত রায়ে দণ্ডিত ২৬ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলাসহ আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। আগামী ৪ মার্চ রাজধানীর রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।
এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলাও ট্রাইব্যুনালে বিচারাধীন। এসব মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আওয়ামী লীগের হেভিওয়েট কয়েকজন সাবেক এমপি ও মন্ত্রী বিচারকের সম্মুখীন হয়েছেন।
নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে বিচার কার্যক্রম আরও গতি পাবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights