
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বঙ্গভবনের একাধিক সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বঙ্গভবনের নির্ভরযোগ্য সূত্র জানায়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র শুক্রবার দুপুরের দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো হতে পারে। বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তাও গণমাধ্যমকে একই ধরনের তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রের দাবি, রাষ্ট্রপতির স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
এদিকে, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
অন্যদিকে, বিএনপির একটি সূত্রের দাবি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে দলের উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। তবে এ দাবিরও কোনো স্বাধীন বা সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন এবং একই বছরের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি হৃদরোগের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ওপেন হার্ট সার্জারি এবং পরে যুক্তরাজ্যে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট প্রতিস্থাপন করান।
এছাড়া, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
