
নিজস্ব প্রতিবেদকঃ
দেশব্যাপী ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ করতে ১ জুলাই থেকে বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, একক কিউআর ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা সহজেই বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে লেনদেন করতে পারবেন। এতে ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের সময় ও খরচ কমবে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, বাংলা কিউআর চালুর ফলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার ঘটবে, লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং নগদ অর্থ ব্যবস্থাপনার ব্যয় কমবে। পাশাপাশি সরকারের রাজস্ব আহরণেও ইতিবাচক প্রভাব পড়বে।
ক্যাম্পেইন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে একটি মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নেয়। উদ্বোধনের পর বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং নতুন ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলা কিউআর চালু হলে দেশে ডিজিটাল অর্থনীতির প্রসারে নতুন গতি সৃষ্টি হবে এবং নগদ লেনদেনের ওপর নির্ভরতা আরও কমবে।
