
আন্তর্জাতিক ডেস্কঃ
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন ৯৭১ জনের বেশি। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, প্রধান দুটি ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ৩০টি আফটারশক অনুভূত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সরকারি সূত্র জানায়, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য ২০ কোটি ডলারের একটি তহবিল গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।
এদিকে উদ্ধারকাজে সহায়তার জন্য বেসরকারি খাতকে ভারী যন্ত্রপাতি সরবরাহের আহ্বান জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। জনগণকে শান্ত থাকার পাশাপাশি নিরাপদ ভবনে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় সান ফেলিপে ও ইউমার অঞ্চলের কাছে যথাক্রমে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বিশ্লেষকদের মতে, এটি ভেনেজুয়েলার গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি।
