ডিজিটাল ডেস্ক | দৈনিক শীর্ষ অপরাধ:
রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এক শোকবার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সিঙ্গাপুরে একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ কয়েকদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং এই হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্তসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
