• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সার বিক্রয় বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

Byadmin

এপ্রিল ২২, ২০২৬

শেখ ফরিদ উদ্দিন:

আগামী ৭ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সার বিক্রয় ও সরবরাহ বন্ধ করে সারা দেশে অবরোধ কর্মসূচি পালনের হুমকি দিয়েছেন সার ব্যবসায়ীরা। এ ঘোষণা দেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ অলিউর রহমান।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সার ডিলারদের সংগঠন বিএফএ ও খুচরা সার বিক্রেতাদের যৌথ আয়োজনে মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার সার ডিলার ও খুচরা বিক্রেতা অংশ নেন। বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫’ বাতিল করতে হবে। তাদের অভিযোগ, কিছু আমলা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে সুবিধা দিতে অংশীদারদের মতামত ছাড়াই তড়িঘড়ি করে এ নীতিমালা প্রণয়ন করেছেন।

তারা দাবি করেন, এই নীতিমালা বাস্তবায়িত হলে দেশের প্রায় ৪৬ হাজার খুচরা সার বিক্রেতা বেকার হয়ে পড়বেন এবং মাঠ পর্যায়ে তাদের বিনিয়োগ করা বিপুল অর্থ অনিশ্চয়তায় পড়বে। ফলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

এ অবস্থায় আগামী ৭ দিনের মধ্যে নীতিমালা বাতিল করে সব অংশীদারের মতামতের ভিত্তিতে নতুন, যুগোপযোগী নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা। অন্যথায় সারাদেশে সার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার পাশাপাশি সড়ক অবরোধের কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা করেন।

ব্যবসায়ীরা সতর্ক করে বলেন, এ পরিস্থিতি সৃষ্টি হলে আসন্ন আমন মৌসুমে কৃত্রিম সার সংকট দেখা দিতে পারে এবং কৃষি খাতে বড় ধরনের অস্থিরতা তৈরি হবে—এর দায়ভার সরকারকেই নিতে হবে।

এর আগে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আরও দুই দফা মানববন্ধন কর্মসূচি পালন করলেও এখনো কোনো কার্যকর সমাধান আসেনি বলে অভিযোগ করেন তারা।

এদিকে, সার নীতিমালা ঘিরে সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনায় কৃষি মন্ত্রণালয় ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রধান, অতিরিক্ত সচিব সেলিম খান জানান, খুচরা সার বিক্রেতাদের বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করা হচ্ছে এবং সকল পক্ষের স্বার্থ রক্ষা করেই সরকার সিদ্ধান্ত নেবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights