• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সততা, মেধা ও দক্ষতাই হবে পদায়ন-বদলির নীতি: প্রধানমন্ত্রী

Byadmin

মে ৩, ২০২৬

জনপ্রশাসনে পদায়ন ও বদলির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকেই প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ডিসিদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ। তাই দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও প্রস্তুতি থাকা জরুরি। তিনি উল্লেখ করেন, সরকার যেমন স্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও স্থায়ী নয়।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমস্যার সমাধানে সরকার কাজ করছে।

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার ও জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

ডিসিদের উদ্দেশে তিনি বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা বাড়ানো এবং এ বিষয়ে নজরদারি জোরদারের নির্দেশ দেন।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সচিবালয় থেকে হেঁটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পথে সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানালে তিনি হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দিনশেষে ডিসিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে ডিসি ও বিভাগীয় কমিশনাররা ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে পৃথক কার্য অধিবেশনেও অংশ নেবেন তারা।

এদিকে সম্মেলন উপলক্ষে আগের দিনের এক প্রেস ব্রিফিংয়ে ব্যয় সংকোচনের বিষয়টি তুলে ধরা হয়। রাষ্ট্রের আর্থিক পরিস্থিতি বিবেচনায় এবারের সম্মেলনের বাজেট কমানো হয়েছে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights