• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

শিক্ষার মান উন্নয়নে ১৪,৩০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ শিগগিরই: শিক্ষামন্ত্রী

Byadmin

মে ২, ২০২৬


শেখ ফরিদ উদ্দিন :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ সহকারী শিক্ষককে শর্তসাপেক্ষে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দীর্ঘদিন ধরে আলোচিত এ নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকার ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “তড়িঘড়ি করে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। তবে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছে। সবদিক বিবেচনায় শিক্ষার মান উন্নয়নের স্বার্থে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অচিরেই নিয়োগ পাবেন।”
তিনি জানান, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষক সংকট দূর করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে কাজ করছে। শিক্ষার্থীরা যেন নিয়মিত স্কুলমুখী হয় এবং ঝরে পড়া কমে আসে, সে লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশ গঠনে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী। এছাড়া উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিকে, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংকট: শিক্ষার মান উন্নয়নে করণীয়” শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুল লতিফ মাছুম। প্রবন্ধে দেশের শিক্ষা ব্যবস্থার বিদ্যমান নানা সমস্যা চিহ্নিত করা হয় এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে বাস্তবসম্মত বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়।
শিক্ষাবিদরা মনে করেন, সময়োপযোগী শিক্ষক নিয়োগ, আধুনিক পাঠদান পদ্ধতি চালু এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের প্রাথমিক শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights