• বৃহঃ. আগ ১৩, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন মহাসচিব ও মন্ত্রিত্ব

ByShirso Aparadh

আগ ১৩, ২০২৬

এস এম শাহজালালঃ

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬): বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করেছে বিএনপি। প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর তিনি স্থানীয় সরকারমন্ত্রীর পদ, দলের মহাসচিবের পদ এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিষয়টি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হয়েছেন।’

তিনি জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল দলীয় মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

দলীয় ও সরকারি সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্বও ছেড়ে দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে সংসদ সচিবালয় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করবে। এরপর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। পরে ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে তিনি দলের মহাসচিব নির্বাচিত হন। খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দীর্ঘ সময় লন্ডনে অবস্থানের সময়ে তিনি দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার কারাবরণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। এবার রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে তাঁর নাম চূড়ান্ত হওয়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights