
রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ভোট দেননি ছয়জন সংসদ সদস্য। তবে দেওয়া সব ভোটই বৈধ হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৩৪৯টি ব্যালট পেপার মুদ্রণ করা হয়েছিল। এর মধ্যে ৩৪৩টি ব্যালটে ভোট পড়েছে এবং সবগুলোই বৈধ হিসেবে গণ্য হয়েছে।
নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ভোট দেননি যেসব এমপি
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়া ছয় সংসদ সদস্যের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন—বিএনপির মির্জা আব্বাস, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বাকি তিন সংসদ সদস্যের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবার মোট ৩৪৯ জন সংসদ সদস্যকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে রাখা হয়েছিল। তাঁদের মধ্যে ৩৪৩ জন ভোট দেওয়ায় ভোট পড়ার হার দাঁড়িয়েছে প্রায় ৯৮ দশমিক ৩ শতাংশ।
