• বৃহঃ. আগ ২০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ByShirso Aparadh

আগ ২০, ২০২৬

মোঃ শাহাদাত হোসেন তালুকদার সাকুঃ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সদস্যদের ভোটে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফল ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল।

ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে মির্জা ফখরুলকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে করমর্দন করে অভিনন্দন জানান। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

ভোট গণনার সময় সংসদ গ্যালারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেছিলেন রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পাশে ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম জাতীয় সংসদ থেকে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। গণনার আগে নির্বাচন কর্মকর্তারা সবার সামনে স্বচ্ছ ব্যালট বাক্স খুলে তা খালি থাকার বিষয়টি দেখান। পরে উপস্থিত সবার সামনে ভোট গণনা করা হয়।

ফলাফল ঘোষণার পর মির্জা ফখরুল আসন থেকে উঠে হাত নাড়িয়ে উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানান। পরে সংসদ গ্যালারি থেকে বের হয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কোলাকুলি করেন। এ সময় সংসদ ভবনে করতালির পরিবেশ সৃষ্টি হয়।

ভোটের আনুষ্ঠানিকতা শেষে সংসদ সদস্য ও ভোটারদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে ছবি তোলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। পরে নারী সংসদ সদস্যদের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার ছিলেন। তাঁদের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) শপথ নেবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাঁর শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights