
শেখ ফরিদ উদ্দিন: কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
রোববার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমসহ রংপুর বিভাগের সার ব্যবস্থাপনার সঙ্গে জড়িত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কৃষি সচিব বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুদ রয়েছে। উৎপাদন ব্যয় কমানো ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার সারে ভর্তুকি এবং বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে।
তিনি কৃষকদের সুষম ও সঠিক মাত্রায় সার ব্যবহারের পরামর্শ দেন। পাশাপাশি অসাধু সার ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন।
কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ও যত্নশীল হয়ে কৃষকদের সেবা নিশ্চিত করার নির্দেশ দেন কৃষি সচিব। একই সঙ্গে কৃষি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
পরে কৃষি সচিব রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের কৃষক অহিদুল ইসলামের উদ্যোগে পরিচালিত কমিউনিটি বেসড ভার্মিকম্পোস্ট খামার পরিদর্শন করেন। এ সময় তিনি প্রান্তিক কৃষকদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।
