
সাইফুল ইসলামঃ
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার (২১ আগস্ট) শপথ নেবেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়াবেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
নির্বাচনের ফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।
পরে নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করে তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ অধিবেশন কক্ষে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন ভোটের নির্দেশিকা তুলে ধরার পর ভোটদান শুরু হয়।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুলকে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনেরা অভিনন্দন জানিয়েছেন।
