
সোহেল রানাঃ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় ড. মুহাম্মদ ইউনূস নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
শুভেচ্ছাবার্তায় ড. ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।
তিনি আরও বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।
ড. ইউনূস বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে—এই প্রত্যাশা রাখি।’
তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার থাকলেও ভোট দিয়েছেন ৩৪৩ জন।
