
রাশেদুল ইসলাম :
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মাথাভাঙা মোড় থেকে তেঘরিয়া সড়কের পাশে একটি ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা মরদেহটি নিখোঁজ রিকশাচালক জহুরুল ইসলাম (৬৭) বলে শনাক্ত করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল আনুমানিক ৯টা থেকে ১০টার দিকে স্থানীয়রা সড়কের পাশের ডোবায় অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থলে মাদারগঞ্জ মডেল থানার এএসপি মোস্তাফিজুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর নিখোঁজ রিকশাচালক জহুরুল ইসলামের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে তার ছেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার বাবা জহুরুল ইসলাম বলে শনাক্ত করেন।
মাদারগঞ্জ সার্কেলের এএসপি সাংবাদিকদের জানান, মরদেহটি জহুরুল ইসলামের বলে পরিবারের পক্ষ থেকে শনাক্ত করা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট রাতে রিকশাচালক জহুরুল ইসলাম নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করছিলেন। নিখোঁজের কয়েকদিন পর সড়কের পাশের ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
