• বুধ. জুলাই ৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগ, তদন্ত দাবি সংবাদ সম্মেলনে

Byদৈনিক শীর্ষ অপরাধ

জুলাই ৭, ২০২৬

সাইমুল রাজু,নিজস্ব প্রতিবেদক:


বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা, জালিয়াতি ও হয়রানির অভিযোগ তুলে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আলফালাক রিয়েল এস্টেট লিমিটেড ও মাইশা এম.এস. প্রপার্টিজ লিমিটেড।

সোমবার (৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহিরুল হক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা অভিযোগ করেন, কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগের নামে আর্থিক লেনদেন করে প্রতারণার আশ্রয় নিচ্ছেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আলফালাক রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক মো. ছিদ্দিকুর রহমান।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, একাধিক বিনিয়োগ চুক্তির আড়ালে ফ্ল্যাট, কার পার্কিং ও চেক গ্রহণের পর প্রতিশ্রুত অর্থ পরিশোধ না করে উল্টো বিভিন্ন আদালতে মামলা করা হয়েছে। একই ধরনের অভিযোগ তুলে মাইশা এম.এস. প্রপার্টিজ লিমিটেডও জানায়, বিনিয়োগের নামে তাদের কাছ থেকেও চেক ও সম্পত্তির নিরাপত্তা দলিল নেওয়ার পর আইনি জটিলতায় ফেলা হয়েছে।

বক্তারা আরও দাবি করেন, একই চক্রের বিরুদ্ধে আরও কয়েকটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ও ব্যবসায়ীর কাছ থেকেও প্রতারণার অভিযোগ রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, কিছু মামলায় চেক-সংক্রান্ত ফরেনসিক পরীক্ষাতেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

তারা জানান, আলফালাক রিয়েল এস্টেট লিমিটেডের করা দুটি ফৌজদারি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট আরও কয়েকটি মামলা আদালতে বিচারাধীন।

সংবাদ সম্মেলনের শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিনিয়োগের আগে প্রয়োজনীয় যাচাই-বাছাই করতে সাধারণ মানুষের প্রতি সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।

বিঃদ্রঃ এই প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উপস্থাপিত বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত। অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights