• বৃহঃ. সেপ্টে ১০, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

প্রধানমন্ত্রীর বিশেষ যোগাযোগ লাইনের তামার তার চুরি, আটক ২

BySarker

জুন ৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয়ের বিশেষ যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত তামার তার চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিটিসির একাধিক অভিযানে ঢাকা ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রঞ্জন চন্দ্র (২৬) ও রেজাকুল ইসলাম (৩২)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রঞ্জন সচিবালয়ে আউটসোর্সিং কর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন। তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ যোগাযোগ লাইনের প্রায় আট কেজি তামার তার কেটে চুরির অভিযোগ রয়েছে। পরে তিনি সেগুলো রেজাকুল ইসলামের কাছে বিক্রি করেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, এ ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সম্ভাব্য অন্যান্য জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, ঈদুল আজহার ছুটির সময় পুরোনো সচিবালয় ভবন-২ এবং নতুন ভবন-১-এর মধ্যবর্তী এলাকা থেকে তামার তারগুলো কেটে নিয়ে যাওয়া হয়। চুরি হওয়া এসব তার প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের যোগাযোগ ব্যবস্থার অংশ ছিল।

ঘটনার পর বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বিষয়টি শনাক্ত করে। এ বিষয়ে গত ১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে। যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights