• শুক্র. জুন ৫, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

ByShirso aparadh

জুন ৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

লাইফলাইন এবং প্রথম ধাপের আবাসিক বিদ্যুৎ গ্রাহকদের জন্য ঘোষিত মূল্যবৃদ্ধি প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর ফলে শূন্য থেকে ৫০ ইউনিট এবং শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকরা আগের নির্ধারিত দামেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

এর আগে বুধবার (৩ জুন) পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছিল বিইআরসি। ওই ঘোষণায় লাইফলাইন গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপের গ্রাহকদের জন্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

তবে নতুন মূল্যহার কার্যকরের একদিনের মধ্যেই ওই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। ফলে লাইফলাইন গ্রাহকদের জন্য প্রস্তাবিত ইউনিটপ্রতি ৬৯ পয়সা এবং প্রথম ধাপের গ্রাহকদের জন্য ইউনিটপ্রতি ৯২ পয়সা মূল্যবৃদ্ধি বাতিল করা হয়েছে।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ০ থেকে ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকরা আগের মতোই ইউনিটপ্রতি ৪ টাকা ৬৩ পয়সা হারে বিল পরিশোধ করবেন। এতে তাদের প্রতি মাসে অতিরিক্ত প্রায় ৩৪ টাকা ৫০ পয়সা ব্যয় থেকে রেহাই মিলবে।

একইভাবে, ০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী প্রথম ধাপের গ্রাহকরাও আগের নির্ধারিত ইউনিটপ্রতি ৫ টাকা ২৬ পয়সা হারেই বিল পরিশোধ করবেন। ফলে তাদের মাসিক ব্যয়ে অতিরিক্ত প্রায় ৬৯ টাকার চাপ পড়বে না।

জানা গেছে, দেশের মোট বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৬৫ শতাংশ এই দুই শ্রেণির আওতাভুক্ত। ফলে সরকারের এ সিদ্ধান্তে কোটি কোটি সাধারণ গ্রাহক সরাসরি উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিইআরসি জানিয়েছে, সংশোধিত মূল্যহার অনুযায়ী অন্যান্য গ্রাহক শ্রেণির জন্য পূর্বে ঘোষিত নতুন ট্যারিফ কার্যকর থাকবে। তবে স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী সাধারণ আবাসিক গ্রাহকদের স্বার্থ বিবেচনায় লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য আগের মূল্যহার বহাল রাখা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights