• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

পলাতক চেয়ারম্যান পুনর্বহাল বিতর্কে তোলপাড় দাউদকান্দি, ইউএনওর দায় অস্বীকার

Byadmin

এপ্রিল ৯, ২০২৬

দাউদকান্দি উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পলাতক এক ইউনিয়ন চেয়ারম্যানকে পুনর্বহালের অভিযোগ ঘিরে প্রশাসনকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তবে এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

অভিযোগ রয়েছে, একাধিক মামলার আসামি ও পলাতক আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত দাউদকান্দি উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীনকে নিয়মবহির্ভূতভাবে পুনর্বহালের চেষ্টা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি গত ৫ আগস্টের পর থেকে এলাকায় অনুপস্থিত রয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে দাবি করা হচ্ছে।

এ বিষয়ে খবর প্রকাশ্যে আসার পরপরই এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুরু হয় সমালোচনা। পরে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপে পুনর্বহালের উদ্যোগ স্থগিত বা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

তবে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দৈনিক শীর্ষ অপরাধ–কে মুঠোফোনে জানান, “চেয়ারম্যান পুনর্বহালের বিষয়টি আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। এ বিষয়ে আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।”

ইউএনওর এ বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশ বলছেন, প্রশাসনের বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয়ের অভাব থাকলে এমন বিভ্রান্তি তৈরি হতে পারে।

এদিকে দাউদকান্দির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে এখনো ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য, পলাতক ও মামলার আসামিদের পুনর্বহালের চেষ্টা প্রশাসনিক নিরপেক্ষতা ও আইনের শাসনের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।

কয়েকজন স্থানীয় নেতাকর্মী বলেন, “যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা পলাতক, তাদের পুনর্বহালের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থেকে আইনের শাসন নিশ্চিত করতে হবে।”

অন্যদিকে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, প্রশাসনের কিছু কর্মকর্তা এখনো রাজনৈতিক প্রভাবমুক্তভাবে দায়িত্ব পালন করছেন না। তাদের দাবি, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া জরুরি।

সচেতন মহল ও রাজনৈতিক নেতৃবৃন্দের দাবি—

বিতর্কিত ঘটনার ওপর বিভাগীয় তদন্ত

সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা

অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রশাসনিক স্বচ্ছতা ও জনআস্থা পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ

সামগ্রিক পরিস্থিতিতে দাউদকান্দিতে প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও স্পষ্ট পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights