
নেপাল-চীন সীমান্তের গিরোং এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। আকস্মিক এ ভূমিধসে মুহূর্তের মধ্যে বিশাল মাটি ও পলির স্তর গড়িয়ে এসে বিস্তীর্ণ এলাকা ঢেকে যায়। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভূমিধস শুরু হওয়ার পর স্থানীয় মানুষ দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কালো মাটি ও পলির বিশাল স্রোত এসে এলাকা ঢেকে ফেলে।
রাসুয়া জেলার প্রশাসন ঘটনাটিকে বড় ধরনের দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিধসের ঘটনায় অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ জন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে শতাধিক ভারতীয় পর্যটক রয়েছেন।
ভূমিধসের পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দলগুলো কাজ করছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
