
এস এম শাজালাল
পুলিশের রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত আলোচিত অপরাধগুলোর বেশির ভাগ ক্ষেত্রেই দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার যে আইনশৃঙ্খলা বাহিনী উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তাদের মনোবল ছিল ভঙ্গুর এবং বাহিনীগুলো একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছে। এর সঙ্গে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী ব্যাপক জনপ্রত্যাশাও বিবেচনায় নিতে হচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য তাদের উদ্বুদ্ধ করার কাজ একসঙ্গে চলছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর আলোচিত অপরাধগুলোর ক্ষেত্রে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। রংপুরের চার খুনের ঘটনা এবং রামিসা হত্যা মামলার মতো আলোচিত ঘটনাগুলোর উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনায় অপরাধীদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, সমাজের চাহিদা অনুযায়ী কিছু ক্ষেত্রে বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করার ক্ষেত্রেও সরকার সহযোগিতা করেছে। তবে অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না।
ভবিষ্যতে বাংলাদেশ পুলিশকে আরও জনবান্ধব ও প্রত্যাশিত বাহিনীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আইনগত কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে জবাবদিহিতা ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।
‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ নীতিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ভালো ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য সদস্যদের পুরস্কার, সনদ ও পদক দেওয়া হচ্ছে। অন্যদিকে অপরাধীদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এমন পর্যায়ে উন্নীত করতে পারব, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়।’
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বক্তব্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মহানবী (সা.) শান্তি, ক্ষমা, ধৈর্য, সাম্য, সহনশীলতা ও ন্যায়বিচারের শিক্ষা দিয়েছেন।
ধর্ম-বর্ণ নির্বিশেষে এসব আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শান্তি, সাম্য ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা গেলে যুদ্ধ-বিগ্রহ, সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক বিশৃঙ্খলা অনেকটাই দূর করা সম্ভব।
দেশে শান্তি, ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
