• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দুবাই থেকে ৪০৫ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইট

Byadmin

মার্চ ৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ৪০৫ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে ইউএস-বাংলা এয়ারলাইনস-এর দ্বিতীয় বিশেষ ফ্লাইট।

শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে দুবাই থেকে আসা এই ফ্লাইটটি। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে মানবিক উদ্যোগ হিসেবে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।

এর আগে গত বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। পরে স্থানীয় সময় রাতে দুবাই থেকে যাত্রা করে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছে ৩৭৮ জন যাত্রী নিয়ে। ওই ফ্লাইটে যাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ২৭ জন ক্রুও ছিলেন।

জানা গেছে, ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে ইউএস-বাংলার এই দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় কয়েকটি এয়ারলাইনসকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে রয়েছে এমিরেটস, এয়ার ইন্ডিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনস।

যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এসব বিশেষ ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights