নিজস্ব প্রতিবেদক:
হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জাতীয় জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। তাই বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক, মানসম্মত ও ব্যবহার উপযোগী পাটজাত পণ্য উদ্ভাবনে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে কৃষকদের বেশি করে পাট চাষে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পরিবেশবান্ধব পাটের ব্যাগসহ বিভিন্ন পণ্য অল্পমূল্যে উৎপাদন ও বিপণনের উদ্যোগ নিতে হবে। এতে পাটশিল্পের প্রসার যেমন বাড়বে, তেমনি বিশ্ববাজারেও বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
তরুণ প্রজন্মের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সৃজনশীল চিন্তা ও স্টার্টআপ উদ্যোগের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বৈশ্বিক বাজারে তুলে ধরতে হবে। ই–কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে দেশীয় পণ্যের নতুন সম্ভাবনা উন্মোচনেরও আহ্বান জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ৯টায় মোহাম্মদ সাহাবুদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে প্রতি বছর ৬ মার্চ জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাট দিবস পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য— ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন।’
অনুষ্ঠানে পাট খাতের উন্নয়ন ও সমৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় এ বছর ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। পাটচাষ উন্নয়ন, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা, বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি—এসব ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার প্রদান করা হয়।
