• মঙ্গল. আগ ১৮, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

দুদকের নতুন চেয়ারম্যান হলেন এ কে এম আসাদুজ্জামান

ByShirso Aparadh

আগ ১৮, ২০২৬

মো: শাহাদাত হোসেন তালুকদার সাকু :

অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন করা হয়েছে। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়াকে।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর বিধান অনুযায়ী চেয়ারম্যান ও দুই কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, দুদক চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমপরিমাণ বেতন, ভাতা, মর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আর দুই কমিশনার হাইকোর্ট বিভাগের বিচারকের সমপরিমাণ বেতন, ভাতা, মর্যাদা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এর আগে চলতি বছরের ৩ মার্চ দুদকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদ পদত্যাগ করেন। এরপর থেকেই কমিশনটি কার্যত শূন্য ছিল।

নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগের মধ্য দিয়ে প্রায় পাঁচ মাস পর পূর্ণাঙ্গ কমিশন পেল দুর্নীতি দমন কমিশন।

নবনিযুক্ত চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি। কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপর কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া আর্থিক প্রতিবেদন কাউন্সিলের (এফআরসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন কমিশনের মাধ্যমে দুর্নীতি দমন কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights