
ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে মইয়ার হাওরে দুর্ঘটনা; উদ্ধার অভিযান অব্যাহত
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে ঝড়ের কবলে পড়ে একটি ডিঙ্গি নৌকা ডুবে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও আরও তিনজন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।
শনিবার (১ আগস্ট) ভোরে জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর বৈঠাখালী সংলগ্ন মইয়ার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মইয়ার হাওরের বালুচর এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে কয়েকজন একটি ছোট ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে বৈঠাখালী এলাকায় পৌঁছালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অভিযান চালিয়ে অরুণ দেবনাথ-এর মরদেহ উদ্ধার করে। তবে অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ-এর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।
এদিকে শোকাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যান জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মিয়া, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
জগন্নাথপুর থানার ওসি সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ বাকি তিনজনের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির অগ্রগতির বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
