• সোম. জুলা ১৩, ২০২৬

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন: দেবিদ্বারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষার্থী গ্রেপ্তার

Byদৈনিক শীর্ষ অপরাধ

জুলা ১২, ২০২৬

শেখ ফরিদ উদ্দিন

এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে নিজের ছাত্রকে দিয়ে খাতা দেখানোর অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বহুল আলোচিত এ ঘটনায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর একাধিক ধারায় মামলা দায়েরের পর শনিবার (১১ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া শিক্ষক মো. বাচ্চু মিয়া দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। একই মামলায় গ্রেপ্তার হওয়া মেহেদী হাসান ওই বিদ্যালয়েরই একজন শিক্ষার্থী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এসএসসি-২০২৬ সালের সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র পরীক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত বাচ্চু মিয়া নিজে খাতা মূল্যায়ন না করে শিক্ষার্থী মেহেদী হাসানকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করাচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শিক্ষক-অভিভাবকসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এর আগে স্থানীয় বাসিন্দারাও লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত দাবি করেছিলেন।

ঘটনাটি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে এলে তিনি দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়।

মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই দেবিদ্বার থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন অত্যন্ত সংবেদনশীল ও দায়িত্বশীল কাজ। এ ধরনের অনিয়ম পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই অভিযোগের সত্যতা পাওয়ার পর দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন সংশোধন করে পরীক্ষা-সংক্রান্ত অনিয়ম, ডিজিটাল জালিয়াতি এবং উত্তরপত্র মূল্যায়নে কারসাজির বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এখনই দেখুন

Verified by MonsterInsights