• রবি. জুলা ১২, ২০২৬

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর গভীর শোক

Byদৈনিক শীর্ষ অপরাধ

জুলা ১২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাংলাদেশের সাবেক স্পিকার, সাবেক শিক্ষামন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রথিতযশা আইনজীবী, দক্ষ সংসদ সদস্য ও উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আজীবন গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। তাঁর রাজনৈতিক জীবন নীতি, আদর্শ, সততা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

মন্ত্রী আরও বলেন, রাষ্ট্র পরিচালনা, আইন প্রণয়ন, শিক্ষা খাতের উন্নয়ন এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং জাতি শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দেশের রাজনৈতিক অঙ্গন, আইনজীবী সমাজ এবং সর্বস্তরের মানুষের কাছে তাঁর মৃত্যু এক অপূরণীয় শূন্যতা হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এখনই দেখুন

Verified by MonsterInsights