• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা: সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা আত্মসাৎ

Byadmin

এপ্রিল ১৭, ২০২৬


গৌরাঙ্গ বিশ্বাস, টাংগাইল:
শেরপুরে কবিরাজির নামে ভয়ংকর প্রতারণার ঘটনা ঘটেছে। প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এক স্কুলছাত্রীর কাছ থেকে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
এ ঘটনায় শেরপুরের কাপড় ব্যবসায়ী ছাইদুর রহমান শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি (নং-৪২, তারিখ-১৭ মার্চ ২০২৬) বাংলাদেশ দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় রুজু করা হয়।
মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগীর অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত কন্যা মোছাঃ লুবাবা (১৩) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও দেখে পারিবারিক স্নেহ পাওয়ার উপায় খুঁজছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে “খুরশেদ কবিরাজ” পরিচয়ে এক প্রতারক তার সাথে যোগাযোগ স্থাপন করে।
প্রতারক চক্র ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে কবিরাজির মাধ্যমে সমস্যার সমাধানের প্রলোভন দেখায়। বিভিন্ন ধাপে কবিরাজি খরচ, পশু ক্রয়, ধর্মীয় সামগ্রী ও অন্যান্য উপকরণের নামে ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত বিকাশের মাধ্যমে মোট ২ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা নেয়।
পরবর্তীতে ১০ মার্চ ঝাড়ফুঁকের কথা বলে কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা হাতিয়ে নেয়।
ঘটনাটি জানাজানি হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালের নির্দেশনায় পিবিআই জামালপুর ইউনিট তদন্ত শুরু করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর থানার মাওনা এলাকা থেকে দুই আসামি—মোঃ মুছা মিয়া (২৯) ও মোঃ রফিকুল ইসলাম (২৮)কে গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ এপ্রিল ময়মনসিংহের কোতোয়ালী থানার মাসকান্দা এলাকা থেকে মূলহোতা মোঃ মনির হোসেন (২১)কে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের বাগান থেকে মাটি খুঁড়ে ২৫ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।
তদন্তে জানা যায়, প্রতারকরা ইমো অ্যাকাউন্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষকে টার্গেট করে ব্যক্তিগত সমস্যার সমাধানের নামে প্রতারণা করে আসছিল।
এ ঘটনায় জড়িত তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights